জাতিসংঘে ট্রাম্পের ভাষণ: একের পর এক দাবিতে তথ্যের গরমিল
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ৩৭ মিনিটের ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ, বিশ্বশান্তি, জলবায়ু পরিবর্তন, বিনিয়োগ, অস্ত্রভান্ডার ও ওয়াশিংটনের অপরাধ পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। তবে তথ্য যাচাইয়ে তাঁর একাধিক দাবি ভুল, অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর বলে উঠে এসেছে।
ট্রাম্প দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর তিনি আটটি যুদ্ধ বন্ধ করেছেন। কিন্তু তাঁর তালিকার কয়েকটি ঘটনা যুদ্ধই ছিল না এবং রুয়ান্ডা–কঙ্গো ও গাজাসহ কয়েকটি স্থানে সংঘাত পুরোপুরি বন্ধও হয়নি।
জলবায়ু পরিবর্তন নিয়েও তাঁর বক্তব্যের সঙ্গে বৈজ্ঞানিক তথ্যের মিল পাওয়া যায়নি। ট্রাম্প পৃথিবী ঠান্ডা হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনে কেউ মারা যায়নি বলে দাবি করেন। অথচ বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য বলছে, সাম্প্রতিক বছরগুলোই ছিল রেকর্ডের সবচেয়ে উষ্ণ সময়।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে ২১ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত করার দাবির পক্ষেও নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। হোয়াইট হাউসের প্রকাশিত হিসাবে বিনিয়োগ ঘোষণার পরিমাণ ১১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার।
ট্রাম্প যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারে কোনো ঘাটতি নেই বললেও সরকারি পর্যবেক্ষক ও কংগ্রেশনাল বাজেট অফিসের প্রতিবেদনে কিছু অস্ত্রের মজুত কমার কথা বলা হয়েছে। ওয়াশিংটনে অপরাধ ৮৭ শতাংশ কমার তাঁর দাবির বিপরীতে পুলিশের হিসাবে হ্রাসের হার প্রায় ২৩ শতাংশ।
তথ্য যাচাইয়ে দেখা যাচ্ছে, জাতিসংঘের ভাষণে ট্রাম্পের কয়েকটি গুরুত্বপূর্ণ বক্তব্য বাস্তব তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সূত্র: প্রথম আলো—সিএনএন

