সৌরবিদ্যুৎ প্রসারে ৩ প্রতিষ্ঠানকে ১,৫০০ কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কমাতে বিশেষ ঋণ কর্মসূচি চালু করছে সরকার। সৌরবিদ্যুৎ খাতে ১,৫০০ কোটি টাকা ঋণ দেওয়ার এই কর্মসূচির আওতায় তিনটি অংশগ্রহণকারী প্রতিষ্ঠান গ্রাহকদের সহজ শর্তে অর্থায়ন করবে।

প্রতিষ্ঠান তিনটি হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল), বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। প্রতিটি প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে ৫০০ কোটি টাকা করে দীর্ঘমেয়াদি ঋণ পাবে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একটি পরিপত্র জারি করেছে।

মোট তহবিলের এক হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এমএসএমই খাতের জন্য রাখা থোক বরাদ্দ থেকে পুনর্বিন্যাস করা হবে। অবশিষ্ট ৫০০ কোটি টাকা পরিচালন ঋণ থেকে সরবরাহ করা হবে।

সরকার অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে বার্ষিক শূন্য দশমিক ৫ শতাংশ সুদে ঋণ দেবে। ঋণের মেয়াদ হবে ১০ বছর এবং এর মধ্যে এক বছরের গ্রেস পিরিয়ড থাকবে। প্রতিষ্ঠানগুলো গ্রাহক পর্যায়ে সব ধরনের ফি ও চার্জসহ সর্বোচ্চ ৬ শতাংশ বার্ষিক সুদে এই অর্থ বিতরণ করতে পারবে।

অর্থ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বেড়ে যাওয়ায় দেশে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় ও সরকারি ভর্তুকির চাপ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে জাতীয় জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি তৈরি হয়েছে।

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৫-২০৩০ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে শিল্পপ্রতিষ্ঠান, বাণিজ্যিক ভবন ও গৃহস্থালি পর্যায়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা দ্রুত সম্প্রসারণ করতে চায় সরকার।

বিশেষ তহবিলের অর্থ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ও নেট মিটারিং সংযোগ, সোলার হোম সিস্টেম, শিল্পপ্রতিষ্ঠানের নিজস্ব সৌরবিদ্যুৎ ব্যবস্থা এবং সৌরচালিত সেচপাম্প স্থাপনে ব্যবহার করা যাবে। এ ছাড়া সংশ্লিষ্ট ইনভার্টার, ডিজিটাল মিটার ও ব্যাটারি স্টোরেজ ব্যবস্থা স্থাপন বা আধুনিকায়নেও ঋণ নেওয়া যাবে।

তবে এই অর্থ দিয়ে পুরোনো ঋণ পরিশোধ, শেয়ার বা জমি কেনা, ব্যক্তিগত ভোগ কিংবা প্রশাসনিক ব্যয় নির্বাহ করা যাবে না। গ্রাহকের ঋণ অনাদায়ের ঝুঁকি সংশ্লিষ্ট অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকেই বহন করতে হবে।

তহবিল ব্যবস্থাপনায় পৃথক ব্যাংক হিসাব পরিচালনা, প্রতি তিন মাস পর অর্থ বিভাগে অগ্রগতি প্রতিবেদন জমা এবং বছরে একবার স্বাধীন বহির্নিরীক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে।

সূত্র: কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *